পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের এক হিন্দু ছাত্রীকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে গণধর্ষণ করেছে । জেলার সাঁথিয়া উপজেলার পুন্ডুড়িয়া গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে ধর্ষিতার পরিবার থানায় মামলা দায়ের করেছে। মামলা দায়ের করায় ধর্ষিতার পরিবারের সদস্যদের ধর্ষকরা অব্যাহত হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্ষণকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় ধর্ষিতার পরিবার মামলা করে নিরাপত্তাহীনতায় ভূগছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে একদল দুর্বৃত্ত জোরপূর্বক অনার্স পড়ুয়া ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা বাড়ির পাশে একটি খালের মধ্যে নিয়ে গিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
স্থানীয় বেরেন্দ্র মোহনের বাড়িতে ‘হরিবাসর’শেষে লোকজন ওই খালের পাশ দিয়ে যাওয়ার সময় ধর্ষিতার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুঁটে যায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে ধর্ষকের দল ধর্ষিতাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ধর্ষিতার স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে নামীয়সহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কোন আসামি ধরা পড়েনি। পুলিশ ধর্ষকদলকে ধরতে অভিযানে রয়েছে। ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এআইজে





