বাগেরহাটের কচুয়ায় শাঁখারীকাঠি বাজারে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, ধর্ষণ ও বাড়িতে অগ্নিসংযোসহ ছয়টি সুনির্দিষ্ট অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী মামলার পলাতক আসামি সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে (৭৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ১১টায় বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে মৃত মোসলেম পাইকের (তার চাচা শ্বশুর) পরিত্যক্ত ঘর থেকে তাকে গ্রেফতার করে বাগেরহাট মডেল থানা পুলিশ।
বাগেরহাট সদরের গোটাপাড়া গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে সিরাজ মাস্টার মহান মুক্তিযুদ্ধের পর থেকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে বসবাস করে আসছিলেন।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খাঁন জানান, কচুয়ার শাঁখারীকাঠি বাজারে গণহত্যার শিকার রঘুদত্তকাঠি গ্রামের নিহত জিতেন্দ্র নাথ দাসের ছেলে নিমাই চন্দ্র দাস বাদী হয়ে ২০০৯ সালে কচুয়া থানায় সিরাজ মাস্টার সহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত দল দীর্ঘ তদন্ত শেষে সিরাজ মাস্টার, খাঁন আকরাম হোসেন ও আব্দুল লতিফ তালুকদারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ১০ জুন এই তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে কচুয়া থানা পুলিশ গত ১১ জুন এ মামলার অপর পলাতক আসামি আ. লতিফ তালুকদারকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করে।
এরপর গত ১৯ জুন অপর পলাতক আসামি আকরাম হোসেন খাঁনকে রাজশাহী থেকে মোড়েলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করে।
সর্বশেষ এই মামলার প্রধান আসামি সিরাজ মাস্টারকে গ্রেফতার করল বাগেরহাট মডেল থানা পুলিশ।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





