শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালে মেয়র সাদেক হোসেন খোকা মাঠে বিএনপির ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলমান থাকবে। প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে এবং অপরাধে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।
গত ১৭ বছরে গুম-খুনের শিকার ব্যক্তিদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় আনা প্রয়োজন। তার অভিযোগ, পূর্ববর্তী সরকার গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল করেছে এবং বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। তবে এখনো ভারতের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে ফিরলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রয়োজন হলে আইন অনুযায়ী আপিলের সুযোগও থাকবে বলে জানান তিনি।
সরকারবিরোধী আন্দোলন নিয়েও বক্তব্য
সরকারের বিরুদ্ধে অল্প সময়ের মধ্যেই আন্দোলন ও লং মার্চের কর্মসূচি দেওয়ার সমালোচনা করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের মেয়াদ সাত মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকার পতনের এক দফা দাবি তোলা হচ্ছে।
তার ভাষ্য, বিএনপি দেশের স্থিতিশীলতা বজায় রাখা, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা এবং সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে চায়।
জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের অবস্থান
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব বাংলাদেশেও পড়েছে। সীমান্তপথে জ্বালানি তেল পাচার ঠেকানো এবং আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও দাম কমানো হবে। এটি সরকারের প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।
এস





