রাজধানীর কোতয়ালী থানা সংলগ্ন রহমতুল্লাহ মার্কেটের ৫ তলা ভবন থেকে এক স্বর্ণ কারিগরের লাশ উদ্ধ‍ার করেছে পুলিশ।উদ্ধারকৃত কারিগরের নাম বাদল মালাকার (৩২) বলে জানা যায়।

শুক্রবার বিকেল ৩টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বাদল মালাকার সাভারের হরিণধরা এলাকার শ্রীধাম মালাকারের ছেলে। 

কোতয়ালী থানা ওসি কে এম ফিরোজ জানান, নিহত বাদল মালাকার ৫৫, রহমতুল্লাহ মার্কেটের ৫ তলা ভবনে এক স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন। তিনি রাতে ওই দোকানে থাকতেন এবং দিনে দোকান খুলে কাজ করতেন।

কিন্তু শুক্রবার দুপুর পার হয়ে গেলেও দোকান খুলতে না দেখে এবং মোবাইলে না পেয়ে পুলিশে খবর দেন সংশ্লিষ্টরা। পরে দুপুর ৩টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধ‍ার করেন।  

তিনি বলেন, গতরাতে ওই দোকানে দুই ব্যক্তি বাদলের সঙ্গে দেখা করতে আসেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিরাই তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ