চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক পাহাড় এলাকা থেকে অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পাঁচলাইশ থানা-পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ হানিফ (২১) ও ফয়েজ মাহমুদ (২৫)। তাদের কাছ থেকে একটি দেশে তৈরি এলজি এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, নগরীর প্রবর্তক সংঘের পাহাড়ে একদল ডাকাতের উপস্থিতি ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমই