কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের আচমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের একজন অটোরিকশার চালক। তার নাম জামাল মিয়া (৩০)। তিনি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার বাসিন্দা। নিহত অপর দু’জন ওই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হচ্ছেন, আবদুল কাদির (৩০), পরিমল (২২), গিয়াস উদ্দিন (৪৫) ও সিরাজ উল্লাহ (৫০)। এদের মধ্যে আবদুল কাদির জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা গ্রামের আবদুল জলিলের ছেলে, পরিমল একই গ্রামের বিশ্বেশ্বর এর ছেলে, সিরাজ উল্লাহ একই গ্রামের আবদুর রহমানের ছেলে এবং গিয়াস উদ্দিন একই ইউনিয়নের ডুইয়ারপাড় গ্রামের রজব আলীর ছেলে।

জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে করিমগঞ্জের চামড়াবন্দর থেকে ভৈরবে যাচ্ছিলেন। পথিমধ্যে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে চালকসহ অটৈারিকশার সব যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে চালক জামালসহ তিনজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

এএস