নোয়াখালীতে অভিযান চালিয়ে একটি নকল এনার্জি ড্রিঙ্ক কারখানা সিলগালা করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ নকল ড্রিঙ্কসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
শনিবার দুপুর ১টার দিকে বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. রেজাউল করিম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, সোনাইমুড়ী উপজেলার বগাদিয়ার আব্দুর রহমানের ছেলে মো. শাহজাহান (৩১), একই উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মমিন উল্লার ছেলে শাহাদাত হোসেন (৩০) এবং সদর উপজেলার শাহাদাতপুর এলাকার জাফর আহমদের ছেলে শফিকুর রহমান (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বেগমগঞ্জ থানার শহর উপ-পরিদর্শক (টিএসআই) ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের সোলেমান মঞ্জিলে অভিযান চালায় পুলিশ। এ সময় Power plus, Leader, Double Horse, Mashrum সহ বিভিন্ন কোম্পানির নকল ড্রিঙ্ক তৈরির অপরাধে কারখানার মালিকসহ তিনজনকে আটক করা হয়। এ সময় ওই কারখানা সিলগালা করে ১০ হাজার বোতল নকল ড্রিঙ্ক জব্দ করা হয়।
শনিবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ড্রিঙ্কগুলো নষ্ট করা হয়।
কেএইচ





