প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এইচআইভি/এইডস প্রতিরোধে তার সরকার বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এইডসের প্রকোপ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার।
সোমবার বিশ্ব এইডস দিবস-২০১৪ উপলক্ষে এক বাণীতে তিনি একথা বলেন।
বাসস জানায়, বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় খুবই কম উল্লেখ করে তিনি আরো বলেন, এইডস রোধে সরকারের কার্যক্রম সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৫ সালের মধ্যে এমডিজি-৬ অর্জনের লক্ষ্যে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির আওতায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির মাঝে এইচআইভি/এইডস সনাক্তকরণ, চিকিৎসা, পরিচর্যা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।’
তিনি এইচআইভি আক্রান্তের প্রতি সামাজিক বৈষম্য রোধ, এইচআইভি আক্রান্তে মৃত্যুহার হ্রাস ও এমডিজি-৬ অর্জনে কার্যকর উদ্যোগ নিতে দাতাগোষ্ঠি, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, সরকারি-বেসরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
জেআই





