ঝিনাইদহের মহেশপুর ও কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে এ দু'টি ঘটনা ঘটে।
ঝিনাইদহ: জেলার মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী জসিম মন্ডল(৩৫) নিহত হয়েছে। আজ শুক্রবার ভোররাতে মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের ৩শ' গজ ভিতরে এই ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ীর বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার বনদিয়া গ্রামে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন এবং পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল তাজুল ইসলাম জানান, গতরাতে একদল গরু ব্যবসায়ী বাঘাডাঙ্গা সীমান্ত হয়ে ভারতে গরু আনতে যায়। তারা ভারতের হাজরাখাল বিএসএফ ক্যাম্পের পাশে গেলে বিএসএফ'র বাঁধার মুখে পড়ে। সে সময় গরু ব্যবসায়ীরা রামদা ও হাঁসুয়া নিয়ে বিএসএফ'র উপর হামলা চালায়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে জসিম মন্ডল নিহত হয়। তার মৃতদেহ ভারতের হাসখালী থানায় রয়েছে। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফ'র সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কোন উত্তর পাওয়া যায়নি বলে তিনি জানান।
কুড়িগ্রাম: জেলার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সীমান্তের ১০৬১ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম দুখু মিয়া (২৮)। তিনি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন গরু ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে গয়টাপাড়া সীমান্তের ১০৬১ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে গরু আনতে যান দুখু মিয়া। এ সময় ভারতের ঝালই ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে দুখু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফের কাছে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
এমবি





