মুন্সীগঞ্জের শ্রীনগরে একই পরিবারের তিন সদস্যের আত্মহত্যার খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অার্থিক অভাব-অনটন সামাল দিতে না পারায় ইদুর মারার বিষ খেয়ে বাবা-মা ও মেয়ে আত্মহত্যা করেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মাছ ব্যবসায়ী মো. মমিন (৫০), তার স্ত্রী লুবনা বেগম (৪৪) ও শিশুকন্যা সানজিদা (৯)।

প্রতিবেশীরা জানায়, হাসপাতালে নেয়ার আগেই তিনজনের মৃত্যু হয়। এই দম্পতির আরেক মেয়ে স্বর্ণা বিষ না খাওয়ায় বেঁচে যান।

স্বর্ণা ও সানজিদা স্থানীয় শ্রীধরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী। প্রাথমিকভাবে পারিবারিক অভাব অনটনের কথা ধারণা করা গেলেও তবে কী কারণে তারা বিষপানে আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ তদন্ত করার পর জানা যাবে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস বলেন, মোমিন মাছের ব্যবসা করেন। শুনেছি মোমিন আর্থিক সংকটে ছিলেন। মমিন, লুবনা ও সানজিদাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তারা মারা যান।

শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনজনই বিষ খেয়ে মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে আসলেই কিভাবে মারা গেছে।
জেড