কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। শুক্রবার বিকেলে উপজেলার মহিষকুন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার সীমান্ত সংলগ্ন চরপাড়া গ্রামের আজমল মন্ডলের ছেলে মনিরুল ইসলাম মোহন (২৫) ও একই গ্রামের তৈজুদ্দীন সরদারের ছেলে ফারুক সরদার (৩৫)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অস্ত্র ক্রয়-বিক্রয় ও অস্ত্র পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল মহিষকুন্ডি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী ফারুক সরদার ও মনিরুল ইসলাম মোহনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫রাউন্ড পিস্তলের গুলি, ৩টি মোবাইল সেট, ২টি মোটর সাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
সবুজ/নাজিব





