পাবনা শহরের মাসুম বাজার এলাকায় মোল্লা মাসুদ (৩৭)নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত যুবক মোল্লা মাসুদ পাবনা শহরের মাসুম বাজার এলাকার জাকির হোসেন মোল্লার ছেলে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোল্লা মাসুদ স্থানীয় মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিল। পথে মসজিদের সামনেই একদল দুর্বৃত্ত তাকে ঘিরে কথা কাটাকাটি করতে থাকে। এক পর্যায়ে মোল্লা মাসুদকে প্রতিপক্ষ দলের কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরী হয়েছে।
শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।
ওসি রাজ্জাক আরো জানান, নিহত মোল্লা মাসুদের বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজী ও অস্ত্র আইনে কয়েকটি মামলা রয়েছে। এর আগে র্যাবের হাতে মোল্লা মাসুদ অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলো বলেও জানান তিনি।
এদিকে নিহতের পরিবার মোল্লা মাসুদকে যুবলীগ কর্মী বলে দাবী করেছে। তবে পাবনা জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান শান্ত বলেছেন, নিহত মোল্লা মাসুদ যুবলীগের সাথে জড়িত ছিলেন না।
এমই





