গোপালগঞ্জে ডাকাতি করার সময় ধরা পড়ে গণপিটুনিতে রহিম সরদার (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এছাড়া আরো তিন ডাকাতকে আহত অবস্থায়য় পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী। নিহত ডাকাত রহিম সরদার গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার এলাকার রাসেল সরদারের ছেলে।

আজ মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে সদর উপজেলার শুকতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতদের ছোঁড়া ককটেল রামদার কোপের আঘাতে চার গ্রামবাসী আহত হয়।তারা হলেন মো. বাবু শেখ (৫০), তার স্ত্রী কোহিনুর বেগম (৪৫), ছেলে হায়াত আলী (১৫) ও বজলু শেখের ছেলে গোলাম রসুল (১৫) আহত হন।

আহত ডাকাতরা হলো- খুলনার সোনাডাঙ্গার শফিকুল শেখ (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের ওদুদ শেখের ছেলে উলু মোল্লা (৪২) ও বরিশালের নাজিরপুরের মোকছেদ মোল্লার ছেলে সাইদ মোল্লা (৪৫)।

গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী জানিয়েছেন, রাত ২টার দিকে ১৪/১৫ জনের এক দল সশস্ত্র ডাকাত শুকতাইল গ্রামের জাফর মাস্টারের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ডাকাতরা দরজা ভেঙ্গে ঢোকার চেষ্টা করলে গ্রামবাসীর মধ্যে ডাকাতির খবর ছড়িয়ে পড়ে। পরে দুই থেকে আড়াই হাজার গ্রামবাসী পুরো এলাকা ঘিরে ফেললে ডাকাতরা ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করে। তবে চার ডাকাতকে ধরে গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলে এক ডাকাত নিহত ও তিন ডাকাত আহত হয়।

ডাকাতদের ছোঁড়া ককটেল ও রামদার কোপে চার গ্রামবাসী আহত হয়। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইআর