২০১৫ সালের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির একমাত্র বাঙালী এমপি প্রার্থী মিনা রহমান। সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। নগরীর অভিজাত একটি হোটেলে তিনি বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে মিনা তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
তিনি বলেন, ‘দুইটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেটে আমার জন্মস্থান। সিলেট থেকে আপনাদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে চাই। এ কারণেই আমি সিলেটে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমি যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি এখানে আট হাজারেরও বেশি বাঙালী ভোটার রয়েছেন। এর বেশি অংশই বৃহত্তর সিলেটের মানুষ। বাংলাদেশ থেকে আত্মীয়-স্বজন ও পরিচিতরা অনুরোধ করলে নিশ্চয় তারা আমাকে ভোট দেবেন।’
মিনা বলেন, ‘২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিতব্য ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি আমাকে গ্রেটার লন্ডনের বার্কিং আসন থেকে মনোনয়ন দিয়েছে। অন্যান্য দল থেকে আরও কয়েকজন বাঙালী মনোনীত হলে কনজারভেটিভ পার্টি আমি একমাত্র বাঙালী প্রার্থী।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রবাসী গীতিকার ও সঙ্গীত শিল্পী হিমাংশু গোস্বামী, সুনামগঞ্জের ছাতকের ভাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ প্রমুখ।
প্রসঙ্গত, ব্রিটিশ এমপি প্রার্থী মিনা রহমানের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রাউলি গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ব্রিটেনে বসবাস করে আসছেন।
জেআই





