বাংলাদেশে যখন বিদেশী চলচ্চিত্র আর সংস্কৃতির আগ্রসন চলছে, তরুণ সমাজের একটা অংশ যখন ভিনদেশী সংস্কৃতি নিয়ে মত্ত থাকছে, তখন ভিন্ন পথে হাঁটছে এক দল তরুণ। দেশীয় সংস্কৃতি আর চলচ্চিত্রের বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে।
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে প্রতি বছর চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকে। বেঙ্গল চলচ্চিত্র সংসদ নামে একটি সংগঠনও দাঁড় করিয়েছে তারা। যার মাধ্যমে দেশীয় সুস্থ্য ধারার চলচ্চিত্র তারা ছড়িয়ে দিচ্ছে খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চলে।
‘চলচ্চিত্র হোক মানব কল্যাণে’ এই প্রতিপাদ্য নিয়ে এবারও রয়েল বেঙ্গল চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে ৬ষ্ঠ মোরেলগঞ্জ চলচ্চিত্র উৎসব। মোরেলগঞ্জ পৌরসভা ও ডায়মন্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর সহযোগিতায় পৌরসভা অডিটোরিয়ামে ৩ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়।
এ বছর চলচ্চিত্র উৎসবে শাহ আলম কিরন পরিচালিত একাত্তরের মা-জননী, আবু সাহেদ ইমন পরিচালিত জালালের গল্প, গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ, খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো, মোস্তফা সারওয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন, গোলাম রাব্বানী বিপ্লব পরিচালিত স্বপ্নডানায়, গাজী রাকায়েত পরিচালিত মৃত্রিকা মায়া, এনামুল কবির নির্ঝর পরিচালিত আহা!, সাইফুল্লাহ মাহফুজ পরিচালিত ইনভিজিবল লাইন, সাদমান সৌমিক পরিচালিত উত্তরসুরী-দ্যা গ্রেট রহিমুল্লাহ প্রভৃতি ছবি প্রদর্শিত হয়।
এবার চলচ্চিত্র উৎসবের উদ্ধোধন করেছিলেন মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার। রয়েল বেঙ্গল চলচ্চিত্র সংসদের সভাপতি অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মারুফ (আরিফ) এর পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম. কে. আজিজ, অধ্যাপক আল আমিন তালুকদার, কাউন্সিলর শাহিন শেখ, জোসনেয়ারা ফারুকী, লায়ন এ.কে.এম মহিউদ্দিন, মোস্তফা জামান ডালিম, এইচ. এম রাসেল, এইচ. এম মাহমুদ হাসান, মেহেদী হাসান তনু, ফয়সাল আহমেদ জয়।
এছাড়া চলচ্চিত্র উৎসব উপলক্ষে ‘মানব কল্যাণে চলচ্চিত্রের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রয়েল বেঙ্গল চলচ্চিত্র সংসদের সভাপতি অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এর পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রয়েল বেঙ্গল চলচ্চিত্র সংসদের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ (আরিফ) ও সদস্য সায়মন জিয়ন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা: শিব্বির আহমেদ, প্রধান শিক্ষক মোঃ আবু সালেহ, অধ্যাপক নুর হোসেন, মাহমুদুল হাসান, আকরামুজ্জামান আরিফ, নুরুল হাসনাত জিলান।





