পবিত্র ঈদুল ফিতরের তিন দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত এবং ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

গত ১৩ মে থেকে ঈদের ছুটি শুরু হয়ে তা শেষ হয় ১৫ মে। তবে প্রতিষ্ঠান গুলোতে কর্মজীবীদের উপস্থিতি ছিলো কম।

সাধারণ নিয়মানুযায়ী, গত বৃহস্পতিবার থেকে তিনদিনের ছুটি ঘোষণা করে সরকার। সে হিসেবে ঈদের ছুটি গতকাল (১৫ মে) শনিবার শেষ হয়। ঈদের ছুটি শেষে আজ অফিস পাড়ায় যোগ দিয়েছেন ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মজীবীরা।

বিশেষ করে যাঁরা ঢাকায় ঈদ করেছেন, তাঁরা এদিন অফিস করছেন। আর গ্রামে ঈদ করতে যাওয়া পেশাজীবীদের ঢাকায় ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে।

ফলে অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কয়েকদিন কম থাকবে বলা যায়। কারণ, আন্তঃজেলা গণপরিবহণ বন্ধ থাকায় ঈদে গ্রামে যাওয়া মানুষদের কর্মস্থলে ফিরতে যথেষ্ট বেগ পেতে হবে।

সরকারি-বেসরকারি অফিসে তিন দিনের ঈদ ছুটি দেওয়ার জন্য বলা হলেও অনেক বেসরকারি প্রতিষ্ঠানই কয়েকদিনের অতিরিক্ত ছুটি দিয়েছে। ফলে কিছু মানুষ ফিরবেন আরও কয়েকদিন পর।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গত বৃহস্পতিবার বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী ১৬ মে’র পর লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়তে পারে। তিনি আরও বলেন, দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। আর এ কারণেই সংক্রমণ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এমবি