গাজীপুর মহানগরীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে মহানগরীর ৪১নং ওয়ার্ডের পুবাইলের বসুগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মৃত তারা মিয়ার ছেলে আবুল কালাম (৩৯) ও তার স্ত্রী পুতুল (২৫)। তাদের দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, আবুল কালাম ও তার স্ত্রী পুতুল একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের ঘরে প্রবেশ করে দুজনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি নাজমুল।
এমবি





