বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাঁচটি জুটমিলের উৎপাদন বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

রোববার বিকালের পর থেকে একে একে মিলগুলো বন্ধ করে দেয়া হয়।

বন্ধ করে দেয়া মিলগুলো হচ্ছে- প্লাটিনাম জুবিলি জুটমিল, ক্রিসেন্ট জুটমিল, খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল ও স্টার জুটমিল।

মিল সূত্র জানায়, রাষ্ট্রায়ত্ত এই পাঁচ পাটকলে ১৫ হাজার শ্রমিকের ১১ সপ্তাহের প্রায় ৪৫ কোটি টাকা মজুরি বকেয়া রয়েছে। মজুরি না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছেন।

শ্রমিকরা জানান, স্টার দুপুর ৩টায়, প্লাটিনাম সন্ধ্যা ৬টায়, দৌলতপুর রাত ৮টায়, ক্রিসেন্ট রাত সোয়া ৮টায় এবং খালিশপুর জুটমিল রাত ৯টায় বন্ধ করে দেয় শ্রমিকরা।

পাটকল শ্রমিকলীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, পাট মন্ত্রণালয় ও বিজেএমসির সাথে বৈঠকে ২৫ এপ্রিলের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের কথা বলা হয়। কিন্তু এ পর্যন্ত শ্রমিকদের মজুরি প্রদান করা হয়নি। এ কারণে ক্ষিপ্ত শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছের।

তিনি জানান, বর্তমানে পাঁচটি জুটমিলের শ্রমিকদের ১১ সপ্তাহের মজুরি বাবদ প্রায় ৪৫ কোটি টাকা বকেয়া রয়েছে।

তবে দৌলতপুর জুট মিলের ব্যবস্তাপনা পরিচালক (জিএম) মো. মুরাদ হোসেন রাত সাড়ে ১০টায় বলেন, তার জুট মিল চালু রয়েছে।

অপরদিকে, খালিশপুর জুট মিলের ব্যবস্তাপনা পরিচালক (জিএম) মো. মোস্তফা কামাল বলেন, তার জুট মিলবাদে অন্য চারটি জুটমিল শ্রমিকরা বন্ধ করে দিয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

এসএম