বগুড়ার গাবতলী উপজেলায় একটি পাটক্ষেত থেকে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামের ওই ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে গাবতলী মডেল থানা পুলিশ।

মরদেহটি স্থানীয় আয়েজ উদ্দিনের স্ত্রী তারাবানুর (৪০) বলে শনাক্ত করেছেন স্বজনেরা।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে বুরুজ গ্রামের একটি পাটক্ষেতে বস্তাবন্দি মৃতদেহটি দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে। পরে গ্রামের লোকজন তারাবানুর মরদেহ বলে শনাক্ত করে।

স্বজনেরা জানান, তারাবানু মঙ্গলবার তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বগুড়া শহরের ওই আত্মীয়ের বাড়িতে বেড়ানোর পর বুধবার বিকালে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা জানান, তারবানুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ বস্তাবন্দি করে পাটক্ষেতে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

কেএইচ