সড়ক দুর্ঘটনায় মো. আসাদুল ইসলাম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার গভীররাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশালের বানারীপাড়া উপজেলার গাভা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে আসাদুল ইসলাম বানারীপাড়া উপজেলা দাখিল মাদ্রসা থেকে পরীক্ষায় অংশ নেয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, শুক্রবার সকাল আটটার দিকে আসাদুল ইসলাম তার বড় বোন মাহামুদা আক্তারের সঙ্গে অটোরিকশাযোগে বানারীপাড়া বালিকা বিদ্যালয় কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে পাইলট মাধ্যমিক বিদ্যালয় সড়ক অতিক্রমকালে সড়কের ওপর টানানো রশিতে জড়িয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে গুরুতর আহত হয় দাখিল পরীক্ষার্থী আসাদুল ইসলাম ও তার বোন মাহামুদা আক্তার।

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

পরে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষার্থী আসাদুল ইসলামের সেখানে মৃত্যু হয়। আসাদুলের বোন মাহামুদা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক।

জেএ