অপহরণের ৮ দিন পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার অপহৃত শিশু শরিফ (৮) উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ চক্রের সদস্য সীমা আক্তার মিমকে (১৯) আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানা উপ-পরিদর্শক আব্দুল বারীক জানান, এক সপ্তাহ আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাচারীপাড়া গ্রাম থেকে অপহৃত হয় কুয়েত প্রবাসী ইকবাল হোসেনের ছেলে শিশু শরিফ। এরপর অপহরণকারীরা শরিফের মায়ের মোবাইলে ১০ লাখ মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শিশুটির মা পারুল বেগম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
কেরানীগঞ্জ থানার একটি টিম সিরাজগঞ্জ থানার সহযোগিতা নিয়ে সোমবার রাতভর শহরের বিভিন্ন স্থানে অপহৃত শিশুকে উদ্ধারে অভিযান চালায়। একপর্যায়ে আজ মঙ্গলবার সকালে শহরের মাড়োয়ারীপট্টির একটি বাসার ছাদ থেকে অপহৃত শিশু শরিফ উদ্ধার হয়। এরপর শহরের এস.এস রোডস্থ একটি ভাড়া বাসা থেকে অপহরণ চক্রের সদস্য ও অপহৃত শিশুর আপন খালাতো বোন আব্দুল্লাহপুরের ওসমান গনি’র অবিবাহিত মেয়ে সীমা আক্তার মিমকে আটক করা হয়।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





