টাঙ্গাইলে ২ হাজার ৯৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এলেঙ্গার পৌলী এলাকার সেমকো পেট্রল পাম্পের কাছ থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ফেন্সিডিল বহনকারী একটি প্রাইভেটকারও আটক করে পুলিশ।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এসময় উত্তরবঙ্গ থেকে আসা একটি প্রাইভেটকার চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ থামানোর নির্দেশ দেয়। কিন্তু নির্দেশ অমান্য করে চালক দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকে। পরে পুলিশ ধাওয়া করে সেমকো পেট্রল পাম্পের কাছ থেকে গাড়িটি আটক করে। তবে তার আগেই চালক ও এক যাত্রী প্রাইভেটকার থেকে নেমে পালিয়ে যায়।
পরে পুলিশ প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৯৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





