রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় একটি বাসার ভেতরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছে।

গতকাল শনিবার রাতে শনির আখড়ার গোবিন্দপুর নূর মসজিদ রোডের একটি তিনতলা বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন জাহিদুল ইসলাম এনায়েত (৩০), হাফিজুল ইসলাম (২৪) ও তাঁর স্ত্রী সাথী (২৪), মেয়ে আবিদা (৬), ভাতিজা জুনায়েদ (৪)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে গুলিবিদ্ধ হাফিজুল ইসলামের ভাই আব্দুল্লাহ জানান, তাঁরা গোবিন্দপুর এলাকার রহিম সর্দারের তিন তলার বাড়ির দ্বিতীয় তলার ভাড়া থাকেন। রাতে বাসায় খাওয়া-দাওয়ার সময় বাইরে থেকে জানালা দিয়ে শটগানের গুলি এসে দুই শিশুসহ চারজন আহত হয়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে শটগানের গুলি লেগেছে। পরে তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এনায়েত বাইরে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে তাঁরা চিনেন না।

আব্দুল্লাহ আরো বলেন, ‘বাসার পাশে একটি মাঠে গণ্ডগোলের ঘটনা ঘটেছে। আমরা শুনেছি, ওই গণ্ডগোল থেকেই গুলি এসে পরিবারের চারজন আহত হয়।’

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শনিআখড়া গোবিন্দপুর এলাকায় লাইসেন্সকৃত শটগান দিয়ে গুলির ঘটনা ঘটেছে। এতে বাসার ভিতরে থাকা নিরীহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। তবে শটগানের গুলিতে আহতরা আশঙ্কামুক্ত।

জেড