জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রকাশ্যেই তার ক্ষোভ ঝাড়লেন। গতকাল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আ স ম ফিরোজের করা নোট দেখে মুহূর্তেই রেগে যান তিনি। ফিরোজের করা নোট ছিঁড়ে ফেলে তার হাতেই ধরিয়ে দিলেন সংসদ নেতা শেখ হাসিনা।

প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম এক সম্পূরক প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগের সুরেই বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ, আপনি সবিনয়ে সুন্দরভাবে আমার প্রশ্নের উত্তর দিয়েছেন।

কিন্তু মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আমরা যেসব সম্পূরক প্রশ্ন করি, সে সম্পর্কে মন্ত্রীরা কোনো নোট নেন না। আবার অনেক সময় অন্য রকম কথা বলেন। আমাদের সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নগুলোর নোট নেয়ার ব্যবস্থা করবেন কি-না? সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তার এই প্রশ্নকে সমর্থন জানান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি মাননীয় সংসদ সদস্যের সাথে একমত। অনেক ক্ষেত্রে নোট নেয়া হয়, আবার অনেক ক্ষেত্রেই সেগুলো অবহেলার শিকার হয়। যেদিন যে মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর থাকবে সে মন্ত্রণালয়ের একজন কাউন্সিল অফিসার সেগুলোর নোট নেবেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে মন্ত্রীকে সহায়তা করবেন- এটিই নিয়ম। আমি আশা করি এর পর থেকে সংসদ সদস্যদের প্রশ্নগুলোর নোট নেয়া হবে।

প্রধানমন্ত্রী তার উত্তর দান শেষে আসনে বসেই তার পেছনের আসনে বসা চিফ হুইপ আ স ম ফিরোজের কাছে জানতে চান এ ধরনের প্রশ্ন আসে কেন? আ স ম ফিরোজকে উচ্চকণ্ঠেই বলেন, প্রধানমন্ত্রীর কাছে করা সম্পূরক প্রশ্নের নোট যেন নেয়া হয়।

আ স ম ফিরোজ সংসদের একটি স্লিপ প্যাড দেখিয়ে প্রধানমন্ত্রীকে বলেন, তিনি নোট নিয়েছেন। প্রধানমন্ত্রী সাথে সাথে তা দেখতে চান, তার নোট ঠিকমতো নেয়া হয়েছে কি-না। চিফ হুইপ সাথে সাথে কাগজটি এগিয়ে দেন। প্রধানমন্ত্রী দেখে মুহূর্তেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন এবং কাগজটি ছিঁড়ে ফেলে চিফ হুইপের হাতে ধরিয়ে দেন। চিফ হুইপ সেই ছেঁড়া কাগজটি নিয়েই অত্যন্ত মলিন বদনে তার নিজ আসনে বসে পড়েন।

এমকে