নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজাকে টি-২০ ক্রিকেটে ফিরে পেতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে নড়াইলের ক্রিকেটপ্রেমি ও মাশরাফি ভক্তরা। মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। নড়াইল ক্রিকেটপ্রেমিরা সন্ধ্যা সাতটার দিকে নড়াইল চৌরাস্তা থেকে মোমবাতি জ্বালিয়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি জ্বালিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, সাংবাদিক কার্ত্তিক দাস, নড়াইলকণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, এ সময় নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা ,বলেন, আমাদের এ মানববন্ধনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য, মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে আবার ফিরিয়ে আনা। কর্মসূচির নেতেৃত্বে ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল, সহ-সভাপতি বাধন রায় প্রমুখ।
সমাবেশ থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে মাশরাফিকে টি টুয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকী দেয়া হয়। পাশাপাশি আগামীকাল শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কালোব্যাজ ধারণ এবং রবিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার সকালে শহরের একাধিক পয়েন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক সংগঠকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এছাড়া সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
উজ্জ্বল রায়/জেড





