মাগুরার শ্রীপুরে টাকা ছিনতাই করে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উপজেলার গয়েশ্বপুর গ্রাম থেকে বুধবার দুপুরে তাদের আটক করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহম্মদ মহসীন আলী জানান, দুপুর ২টার দিকে শ্রীপুরের ছাবিনগর এলাকা থেকে তিনি থানায় ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে যাওয়া ৩ জনকে তার সন্দেহ হলে তিনি তাদের চ্যালেঞ্জ করেন।
তারা বিষয়টি টের পেয়ে উপজেলার গয়েশ্বপুর এলাকায় মোটরসাইকেল ফেলে মাঠ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় রশিদুল ইসলাম (২৬) ও হাসান আলীকে (২৪) আটক করা হয়। পরে মাঠের ধানক্ষেতে তল্লাশি চালিয়ে মেহেদী হাসান (২৫) নামে আরও এক ছিনতাইকারীকে আটক করা হয়। মেহেদীর শরীরে তল্লাশি করে একটি পিস্তল (৭.৫ এমএম) ও ৫ রাউন্ড গুলিসহ ছিনতায় হওয়া ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটকদের বাড়ি কুষ্টিয়া জেলায়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ছিনতাইয়ের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের প্রতিনিধি উত্তম দাস জানান, ৩০ হাজার টাকা নিয়ে শ্রীপুর আসার পথে ওই তিন জন তার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তিনি বিষয়টি দ্রুত পুলিশকে জানালে পুলিশ তাদের আটক করে।
কেএইচ





