রাজধানীর মিরপুরের পীরেরবাগ, আমতলা মোড় এবং উত্তর মনিপুর এলাকার দুই কিলোমিটার রাস্তার ফুটপাতের ওপর নির্মিত অবৈধ স্থাপনা আগামী তিনদিনের মধ্যে সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
শনিবার পীরেরবাগ, আমতলা মোড় এবং উত্তর মনিপুর হয়ে গ্রামীণ ব্যাংক ভবন পর্যন্ত পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগ সচিব আবদুল মালেক এ নির্দেশ দেন।
তিনি বলেন, ‘অবৈধস্থাপনা এবং রাস্তার দুই পাশের ফুটপাতের ওপর নির্মিত বিভিন্ন ভবনের অবৈধ বর্ধিত অংশ নির্ধারিত সময়ের মধ্যে মালিকরা স্বউদ্যোগে সরিয়ে না নিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।’
উচ্ছেদ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার স্থাপনাসমূহের মালিকদের নিকট হতে সিটি করপোরেশনের বিধি অনুযায়ী আদায় করা হবে বলে জানান সচিব।
এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যের্তিময় দত্ত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহ উল ইসলাম ও প্রধান প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএম





