জেলার শিবগঞ্জ থানা পুলিশ শুক্র ও শনিবার পৃথক দুটি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, দুটি আটকের ঘটনাই অস্ত্র কেনা বেচার সময় ঘটেছে।
আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপী গ্রামের গাজলুর রহমানের ছেলে আব্দুল্লাহ কাফী (২১), নেফাউর রহমানের ছেলে শহীদ হাসান রুবেল (১৯) ও তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৭)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ আদিনা ফজলুল হক কলেজের সামনে অভিযান চালিয়ে একটি পিস্তল, ৪৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর বাজার থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ মাহবুব নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক মাহবুব আলম মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা। অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
জেআই





