ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এডিস মশা ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প, দক্ষিণখান এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধনে চিরুনী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, সুস্থতার জন্য সুস্থ পরিবেশের কোনো বিকল্প নেই, আর সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সংক্রান্ত সামাজিক আন্দোলনে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগানটিকে বাস্তবায়ন করতে হবে।

মেয়র বলেন, ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যে কোনো ভবনেই এডিসের লার্ভার উপস্থিতি পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

তিনি ডিএনসিসি মেয়র দক্ষিখান এলাকায় মশক নিধনে চিরুনী অভিযান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং তার উপস্থিতিতেই একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার উৎপত্তিস্থল চিহ্নিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ভবনের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এরপর আতিকুল ইসলাম নগরবাসীর মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়াবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত খোলা ট্রাকে করে ডিএনসিসির ৭ ও ৮ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-১৮ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এইচএন