ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক ছাত্রীর শ্লীলতাহানির দায়ে মোমেন মিয়া (২৫) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম দিদারুল আলম এ আদালত পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্র জানায়, আজ ভোর সাড়ে ছয়টার দিকে ওই ছাত্রী কোচিং করতে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের ফটকের সামনে গেলে মরিচাকান্দি গ্রামের মোমেন মিয়া তার শ্লীলতাহানি করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে মোমেনকে ধরে ফেলে। ওই ছাত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ মোমেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল আলম বলেন, এক সপ্তাহ ধরে মোমেন ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। কারাদণ্ড দেওয়া পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এমআর