চুয়াডাঙ্গার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের একতারপুর রাস্তায় গাছ ফেলে আলমসাধু, মিশুক ও পিকআপ থামিয়ে চালক ও আরোহীদের কাছে থেকে মোবাইলফোন, সোনার গয়না, নগদ টাকা, মূল্যবান মালামালসহ প্রায় পাঁচ লাখ টাকার ডাকাতি করেছে ডাকাতদের একটি দল।

সোমবার রাত নয়টা থেকে ১১টা পর্যন্ত এই ডাকতি হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, চুয়াডাঙ্গার জীবননগর সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের ডকাতির খবর পাওয়ার পর পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ডাকাতির শিকার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানায়, প্রায় ১৫/১৬ জনের একটি দল ডাকাত রাস্তায় গাছ ফেলে পথ রোধ করে। এরপর তারা বিভিন্ন যানবাহন ঠেকিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রাত নয়টা থেকে ১১টা পর্যন্ত ডাকাতি করে। ডাকাতরা প্রায় ৫০ জনের কাছ থেকে মোবাইল ফোন, গয়না, নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার ডাকাতি করে পালিয়ে যায়।

ডাকাতির শিকার ব্যক্তিরা অভিযোগ করেন, শাহপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে চিহ্নিত স্থানে টহল দিলে এভাবে সড়কে গাছ ফেলে দীর্ঘ সময় ধরে ডাকাতি হত না। গত রাতে ঘটনাস্থলে কোনো পুলিশি টহল ছিল না।

এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে কিছু এলাকাবাসী জানান, যেদিনই ডাকাতি হয়, পুলিশ রহস্যজনকভাবে সেদিন আন্দুরবাড়িয়া সন্তোষপুর সড়কে টহলে আসে না। এখানেই বোঝা যায় পুলিশের সঙ্গে ডাকাতদের গোপন যোগাযোগ আছে।