ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে আবারও ফেরিসহ সব ধরনের নৌচলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
এখন মাঝ পদ্মায় কয়েক হাজার যাত্রীসহ বেশ কিছু যান নিয়ে আটকা পড়ে আছে পাঁচটি ফেরি। এছাড়া ফেরিঘাটের দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৭০০ যানবাহন।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ১১টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে একই কারণে গত মঙ্গলবার ও বুধবার কয়েকদফায় এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখা যাচ্ছে না। এ জন্য দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।
কেএইচ





