মেহেরপুর-মুজিবনগর সড়কের দারিয়াপুরে মোটরসাইকেলের ধাক্কায় শুকুর আলী (৩৫) নামে এক ভূসিমাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

শুকুর আলী মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক সাদ্দাম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুকুর আলী মুজিবনগর থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। দারিয়াপুর কালিতলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শুকুর আলী ও মোটরসাইকেলচালক সাদ্দাম হোসেন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দু’জনকেই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সাদ্দাম হোসেন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মুজিবনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ