ঢাকার ধামরাইয়ে এক গৃহকর্তৃকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। এ সময় তার স্বামী গৃহকর্তা ফালু মাদবরকে কুপিয়ে আহত করে ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ধামরাইয়ের বাথুলি এলাকার গরুর হাটের দক্ষিনপাশে বালিথা গ্রামে এই ডাকাতি এবং হত্যার ঘটনা ঘটেছে।
নিহত গৃহকর্তৃর নাম মোসাঃ রজবুন্নেছা (৯০)। সে ধামরাইয়ের বাথুলী এলাকার ফালু মাদবরের স্ত্রী। নিহত ওই বৃদ্ধার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে বলে জানা গেছে।
প্রতিবেশীরা জানায়, সকালে ফালু মাদবর ও তার স্ত্রীর কোন সাড়া না পেয়ে ঘরের ভিতর ঢুকে তাদেরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় গুরুতর অবস্থায় ফালু মাদবরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ডাকাতির কাজে বাধা দেয়ায় ফালু মাদবরের পেট কেটে ফেলেছে ডাকাতরা। পরে ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক কিংবা লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন ইনচার্জ নাছির উদ্দিন জানান, আহত ওই বৃদ্ধের অবস্থা আশঙ্কা জনক। বর্তমানে তাকে আইসিউতে রাখা হয়েছে।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি এবং হত্যার ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরসহ ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।
এমএনজে





