নড়াইলে এক কিশোরী গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহত কিশোরীর নাম সাথী খাতুন (১৫)।

শনিবার ভোরে সদর উপজেলার ডৌয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

সাথী খাতুন সদর উপজেলা দত্তপাড়া গ্রামের মজিদ মোল্যার স্ত্রী।

সাথী খাতুনের খালা কোহিনুর বেগম জানান, নড়াইলে একটি মাদ্রাসায় পড়াকালীন রুস্তম মোল্যার ছেলে মজিদ মোল্যার সঙ্গে সাথীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ২০১৩ সালের অক্টোবরে সাথী বাড়ি থেকে পালিয়ে মজিদকে বিয়ে করে।

বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুক নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার ভোরে স্বামীর বাড়ির লোকজন সাথীকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

পাশের বাড়ির লোকজনের মাধ্যমে মেয়ের বাড়ির লোকজন সংবাদ পেয়ে ওই বাড়িতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে। এসময় শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার ঘোষ লাশ উদ্ধাররের সত্যতা নিশ্চিত করে জানান, স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ