বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের পর ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বাটুলি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়কের দু’পাশে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বাটুলি বাস টার্মিনালের কাছে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষের বিকট শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি বিদ্ধস্ত হয়ে সড়কের ওপর পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় বাসের ৭ যাত্রী আহত হন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইন চার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান,বাস ও কাভার্ড ভ্যান সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যানটিকে সড়ক থেকে সরিয়ে নিতে একটি উদ্ধারকারী যান তলব করা হয়েছে।
হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, টানা হরতালের পর মঙ্গলবার ভোর থেকে এমনিতেই যানবাহনের চাপ ছিল। তার ওপর এ দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে ঘণ্টাখানিক সময় লাগতে পারে।
কেএইচ





