চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ফ্লাইওভারের জিইসি মোড় সংলগ্ন অংশে এই ঘটনা ঘটে।
নিহত জনি আক্তার (৩৭) সিএসএস নামের এনজিওর কর্মী। তিনি নগরীর কালামিয়া বাজার এলাকায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। জনি ঝিনাইদহের হোসেন বিশ্বাসের ছেলে।
চকবাজার থানার এসআই রাজীব পাল জানান, আখতারুজ্জামান ফ্লাইওভার দিয়ে ফিরিঙ্গিবাজারের অফিসে যাচ্ছিলেন জনি। ঘটনাস্থলে একটি দ্রুতগামী ট্রাক জনিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে আরেকটি চলন্ত বাসে ধাক্কা খান। জনির মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাক চালক ও সহকারীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত জনি এক সন্তানের (৪) জনক এবং তার স্ত্রী সন্তানসম্ভবা।
এমবি





