সিলেট নগরের নবাব রোডে ছুরিকাঘাতে ময়না মিয়া (৩০) নামে এক যুবক হত্যার দায়ে স্বেচ্ছাসেবক লীগ কর্মী হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে ওসমানী হাসপাতাল সংলগ্ন নবাব রোডের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক পেশায় একজন অটোরিকশা চালক।
নিহত ময়না মিয়া নগরের কাজী জালাল উদ্দিন উঁচাসড়ক এলাকার আজাদী ৮০’র বাসিন্দা আইয়ুব উদ্দিনের ছেলে। গ্রেফতার হাবিব নগরের পশ্চিম শেখঘাট নবাব রোডের বাসিন্দা।
মহানগর পুলিশের কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম জানান, আটক হাবিবুর রহমান হাবিব এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন জনকে ছুরিকাঘাতের অভিযোগ রয়েছে।
রোববার রাতে নবাব রোড এলাকায় কথা কাটাকাটির জের ধরে সিএনজিচালিত অটোরিকশাচালক ময়না মিয়ার হাঁটুর নিচে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন হাবিব। এতে ময়না মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিক ৬/৭ জন এলাকাবাসী ময়না মিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই নূরে আলম জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়না মিয়াকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছেন হাবিব।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ছুরিকাঘাতের মাত্র ১০/১৫ মিনিটের মাথায় ময়না মিয়ার মৃত্যু হয়।
জেড





