জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির নুর নবী ফারুককে (৪০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে রামগতি লক্ষ্মীপুর সড়কের মিয়ার রাস্তার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এলাকাবাসী জানান, সকালে জামায়াত-শিবির ওই সড়কে হরতালের সমর্থনে পিকেটিং করার চেষ্টা করে। ত‍ৎক্ষণিক টহল পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত নেতা নুর নবী ফারুককে আটক করে। এসময় জামায়াত-শিবিরের অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেয়া ‘আমৃত্যু কারাদণ্ড’ রায়ের প্রতিবাদে দলটি দুই দফায় ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করে।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ