পবিত্র রমজানকে সামনে রেখে কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বাজারে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রবণতা লক্ষ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।  

তাই রোজায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের নজরদারি ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে ক্যাব।

আজ (৩০ এপ্রিল) মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় সংগঠনটি।

ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, পরিবহন খরচ এবং যানবাহনের অনিয়ন্ত্রিত খরচ বাড়ার অজুহাতে ব্যবসায়ীরা বেশিরভাগ পণ্যের দাম বাড়াচ্ছে। রোজা সামনে রেখে এই দাম বৃদ্ধির প্রবণতা আরও বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি।

এই প্রবণতা রোধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনবোধে বিশেষ ক্ষমতা আইনের আওতায় অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে ক্যাব।

এছাড়া রোজায় টিসিবির মাধ্যমে মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যাহত রাখার আহ্বান জানায় সংগঠনটি। সেই সঙ্গে ভেজালবিরোধী অভিযান জোরদারেরও দাবি জানায় সংগঠনটি।

ক্যাব সভাপতি আরও বলেন, “পেঁয়াজের দাম বেড়েছে, রসুনের দাম বেড়েছে, মাছ-মাংসের দাম আকাশচুম্বী। শাক-সবজির দামও অনেক বেশি। এইটাকে কিন্তু আমরা স্বাভাবিক বলে মেনে নিতে পারছি না। এজন্যই বলছি কেউ অতিমুনাফা করবেন না।”

গোলাম রহমান বলেন, “সরকারকে বলছি, আপনারা নজরদারি বাড়ান, মনিটরিং বাড়ান। ভোক্তাদেরকে বলব, আপনারা আতঙ্কিত হয়ে একসঙ্গে বেশি জিনিসপত্র ক্রয় করবেন না।”

এমবি