পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে চলছে ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি। শনিবার বিক্রি হচ্ছে ২ অক্টোবরের টিকিট।
সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও শুক্রবার মধ্যরাত থেকেই অনেক যাত্রী কাউন্টারের সামনে অপেক্ষমান ছিলেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকায় শুধু কমলাপুর স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ১৫টি কাউন্টার থেকে প্রতিদিন ১১ হাজার ৫০০ টিকিট বিক্রি করা হবে।
ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন বিক্রি হয়েছে ১ অক্টোবরের টিকিট। ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরে দেওয়া হবে যথাক্রমে ৩, ৪ ও ৫ অক্টোবরের টিকিট।
আন্তঃনগর ট্রেনের টিকিটের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে দেওয়া হবে। ৩ অক্টোবর থেকে বিক্রি হবে ফিরতি টিকিট। এছাড়া ঈদ উপলক্ষে পাঁচটি বিশেষ ট্রেন চলবে।
ভিআইপি ও রেলওয়ে কর্মচারী কোটায় আরও সাড়ে ৬ হাজার টিকিট দেওয়া হবে। সব মিলিয়ে প্রতিদিন ১৮ হাজারের বেশি টিকিট দেয়া হবে।
ঈদে ট্রেনে বাড়তি ১৩০টি বগি সংযোজন করা হচ্ছে। ওইসব বগির ধারণক্ষমতা অনুযায়ী ১৮-২০ হাজার যাত্রীর টিকিট দেওয়া সম্ভব হবে।
সূত্র আরও জানায়, ঈদের ট্রেনে স্ট্যান্ডিং টিকিট তাৎক্ষণিক বিক্রি করা হবে। ঈদে ঢাকা থেকে দেওয়ানবাজার, পার্বতীপুর ও খুলনা রুটে স্পেশাল ট্রেন সার্ভিস চালু থাকবে। একই সঙ্গে চট্টগ্রাম থেকেও স্পেশাল ট্রেন চলাচল করবে।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





