রাজধানীতে বাসের ধাক্কায় মহর আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মহর আলীর বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়িতে দারোয়ানের চাকরি করতেন তিনি। তার স্ত্রী বাসা-বাড়িতে কাজ করেন।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, সকালে দুজন গ্রামের বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হই। কুড়িল বিশ্বরোডে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস মহর আলীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমবি