কক্সবাজারের টেকনাফে দু'পক্ষের বন্দুকযুদ্ধে সৈয়দ নুর প্রকাশ সোনা মিয়া নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার ১৪নং ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও ৮টি কার্তুজ উদ্ধার করে।

নিহত সোনা মিয়া হ্নীলার উলুতামারি গ্রামের সিকদার আলীর ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় সাতটি মামলা রয়েছে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, ভোর ৪টার দিকে ১৪ নং ব্রিজ এলাকায় স্থানীয় দু'পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দু’দলই পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে সোনা মিয়ার লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এআর