পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরছে রাজধানীবাসী। নানা ভোগান্তি আর কষ্ট উপেক্ষা করে, শুধুমাত্র প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এ যাত্রা। সকাল থেকেই রাজধানীকে ফাঁকা করে বিভিন্ন দিকে ছুটছেন লাখো মানুষ।

বৃহস্পতিবার রাজধানীর ব্যস্ততম বাস টার্মিনাল গাবতলীতে গিয়ে এমন দৃশ্যই দেখা যায়।

নানা বাধা উপেক্ষা করে সকালেই গাবতলী বাস কাউন্টারে জড়ো হন অনেকে। রাস্তায় যানজটের সম্ভাবনার কথা ভেবে ফজরের নামাযের পরপরই গাবতলীর উদ্দেশে রওনা  হন তারা।

গাবতলীতে বাসের অপেক্ষায় থাকা আবদুল মজিদ মিয়া  জানান, তিনি গাজীপুরে থাকেন। সেখান থেকে  স্বাভাবিক দিনগুলোতেও গাবতলীতে আসতে অনেক সময় লেগে যায়। আর, এখন ঈদ ও পূজা দুটোই এক সঙ্গে হওয়ায় রাস্তায় যানজটের কথা ভেবে ফজরের নামাজ পড়েই বাসা থেকে বের হতে হয়েছে।

এত কষ্ট স্বীকার করে বাড়ি ফেরা কেন?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বছরের  এই উৎসবের দিনটি প্রিয়জনদের সঙ্গেই কাটাতে চাই। তাই কষ্ট যতই হোক, নাড়ির টানেইে এ বাড়ি ফেরা।

সাকুরা পরিবহণের কাউন্টারের সামনে কথা হয় তসলিমা বেগমের সঙ্গে। বরিশালের স্বরূপকাঠি যাবেন তিনি। তসলিমা জানান, বিকাল ৪টায় তার গাড়ি ছাড়ার কথা। তাই একটু আগেই কাউন্টারে উপস্থিত হয়েছেন।

ঈদের ছুটির এ বাড়ি ফেরা কেমন লাগছে- জানতে চাইলে, তিনি বলেন, জীবিকার তাগিদে আমরা অনেকেই রাজধানীতে থাকি। কিন্তু শেকড় তো আমাদের গ্রামেই।  তাই যত কষ্টই হোক  ছুটি পেলেই গ্রামের বাড়িতে যেতে খুব চেষ্টা করি। তাছাড়া ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার মজাই আলাদা। কারণ এসময় আত্মীয়স্বজনেরা কম-বেশি  সবাই একখানে উপস্থিত থাকে। তাই সবার সঙ্গে আনন্দটা ভাগাভাগি করা যায়।

যাত্রীর চাপ কেমন জানতে চাইলে সাকুরা পরিবহণের ম্যানেজার মোহাম্মদ এরফান  বলেন, ঈদের ছুটি আগামীকাল থেকে শুরু হবে। আজ সবার কাজের শেষ দিন। তাই আজকে যাত্রীর চাপ খুব বেশি। ঈদের অগ্রিম টিকিট বিক্রির সময়ও দেখা গেছে ২ তারিখের টিকিটের চাহিদা ছিল চোখে পড়ার মত।

এখনো টিকিটের জন্য যাত্রীরা আসছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো অনেকেই টিকিট খুঁজছেন। কিন্তু সব টিকিটতো অনেক আগেই শেষ হয়ে গেছে।’

 এরফান আরও বলেন, মূলত: আজ বৃহস্পতিবার থেকেই রাজধানী ছাড়তে শুরু  করেছে মানুষ। তাছাড়া আগামী ৪ তারিখ দেশের প্রায় সবক’টি পোশাক কারখানায়   ছুটি হবে । তাই, সেদিনও যাত্রীর চাপ থাকবে বলে আশা করছি।     

কোরবানি উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদ এবং দুর্গাপূজার ছুটি। এবারের ঈদের সরকারি ছুটি মূলত পাঁচ দিন। এটি শেষ হবে ৭ অক্টোবর। তবে অধিকাংশ মানুষ একটু বেশি সময় গ্রামে থাকার জন্য ৮ ও ৯ অক্টোবরও ছুটি নিয়েছেন। কারণ ওই দুই দিনের পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সবমিলে, টানা নয় দিনের একটা লম্বা ছুটিতে যাচ্ছেন নগরবাসী।

জেআই