নাটোর সোনালী ব্যাংকের চেক জালিয়াতি মামলায় মইনুল ইসলাম ও আজিজুর রহমান নামে ২ ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। রায়ে ব্যাংকের ২ কর্মকর্তাকে খালাস দেয়া হয়।

রোববার বিকালে এ রায় দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, রোববার বিকাল সাড়ে ৪টায় আদালত নাটোর সোনালী ব্যাংকের ২৩ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। অতিরিক্ত দায়রা জজ রহিবুল ইসলাম রায়ে মামলার পলাতক আসামি মইনুল ইসলাম ও আজিজুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অনাদায়ে তাদের প্রত্যেককে আরও এক বছর সাজা ভোগ করতে হবে। গ্রেফতার হওয়ার দিন থেকে তাদের সাজার মেয়াদ শুরু হবে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আশরাফুল আলম ও মতিউর রহমানকে বেকুসর খালাস দেন।

২০০২ সালের ১ আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখা থেকে চেক জালিয়াতি করে ২৩ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেন।

নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালতের সরকারি উকিল আব্দুল হাই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ