ফরিদপুরে একই ঘর থেকে কলেজ শিক্ষিকা এবং সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার কর্মকর্তার লাশ উদ্ধার।
রোববার (০৬ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার ২তলা ভবনের নিচতলায় ফারুক হাসানের ঘর থেকে লাশ দু’টি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
নিহতরা হলেন- জেলার সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাজিয়া বেগম এবং সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার অডিট কর্মকর্তা ফারুক হাসান।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম জানান, রাতে শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকায় ফারুক হাসানের ঘর থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়। এরা ২ জন একই ফ্লোরের দুই ইউনিটের পাশাপাশি ফ্ল্যাটে থাকতেন। বিকেল থেকে সহকারী অধ্যাপক সাজিয়া বেগমের পরিবার তাঁকে খুঁজে পাচ্ছিলো না। রাতে ফ্লাটের মালিক মাহমুদ হাসান ডেবিট দরজা খুলে দেখতে পান ব্যাংকার ফারুক হাসানের মরদেহ ঝুলছে। তা দেখে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় ব্যাংকারের ও একই ঘরের মেঝে থেকে নারী সহকারী অধ্যাপকের লাশ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, নিহত ২ জনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এমন চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটলো তা পুলিশ জানাতে পারেনি। ২ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠানো হয়েছে।
এমবি





