যশোর সদর উপজেলায় বাসের চাপায় মিরাজ হোসেন (২১) ও শান্তা খাতুন (২০) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে যশোর-মাগুরা সড়কের সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ডিপ্লোমা পড়ুয়া মিরাজ হোসেন ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মশিহাটি গ্রামের শহর আলীর মেয়ে অনার্স পড়ুয়া শান্তা খাতুন (২০)।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, মিরাজ হোসেন ও শান্তা খাতুন বিকেলে মোটরসাইকেলযোগে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথে পাঁচবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মৃতদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওএফ