মানিকগঞ্জে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে অস্ত্র উঁচিয়ে বোমা ফাটিয়ে এ ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের স্বর্ণকারপট্টি এলাকায় নাগ জুয়েলার্সে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।

পুরো ঘটনাটি স্বর্ণের দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। দোকানের মালিক চন্দন নাগ জানান, সন্ধ্যা ৭টার দিকে মুখোশধারী ৭-৮ জনের একটি দল প্রবেশ করে।

তারা প্রথমে দেশীয় অস্ত্র ও ককটেল ফুটিয়ে লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় দোকানে থাকা কয়েকশ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যান ডাকাতেরা।

মানিকগঞ্জ স্বর্ণকার মালিক সমিতির সভাপতি রগুনাথ সরকার জানান, সন্ধ্যায় মুখোশধারী সাত আটজনের একটি টিম দেশীয় অস্ত্র ও ককটেল ফুটিয়ে দোকানে প্রবেশ করে। এ সময় দোকানে থাকা স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতরা। আমরা পুলিশকে ঘটনাটি জানিয়েছি।

সিসি টিভির ক্যামেরায় দেখা গেছে, ডাকাতরা রিভলবার উঁচিয়ে অতর্কিত দোকানে ঢুকে পড়ে। দোকান কর্মীদের মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা দ্রুত স্বর্ণালংকার ব্যাগে ঢোকাতে থাকেন।

স্থানীয় দোকানদারদের সামনে এ ঘটনা ঘটে। তবে অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসেননি। আতঙ্কে এলাকার দোকানপাট মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান আরটিভি অনলাইনকে জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জেড