প্রযুক্তি ব্যবহারে গ্রামের মানুষ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। তিনি বলেন, আমরা দেশকে অনেকাংশেই ডিজিটাল করে ফেলেছি। এখন শুধু প্রয়োজন দেশব্যাপী তথ্য প্রযুক্তির সম্প্রসারণ।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় তিনি এসব কথা বলেন। সভায় ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপ দিতে আরো কী কী পরিকল্পনা নিতে হবে তা নিয়েও আলোচনা করা হয়।

শেখ হাসিনা বলেন, দেশকে ডিজিটাল করতে প্রত্যেক জেলায় জেলায় আমরা হাইটেক পার্ক নির্মাণের চেষ্টা করছি।

তিনি বলেন, তথ্য প্রযুক্তিকে সাধারণের জন্য সহজলভ্য করা ছিল সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। তথ্য প্রযুক্তির বিকাশ যত ঘটবে দেশে কর্মসংস্থান তত বাড়বে। তৃণমূলে এর ব্যবহার ছড়িয়ে দিতে দেশের সব ইউনিয়নে গড়ে তোলা হয় তথ্য ও সেবা কেন্দ্র।

প্রধানমন্ত্রী জানান, ১৯৯১ সালে বিনা খরচে দেশে সাবমেরিন কেবল স্থাপনের সুযোগ এসেছিল। তখনকার সরকারের অজ্ঞতার জন্য তা করা যায়নি। এ কারণে দেশ অনেকটাই পিছিয়ে পড়ে।

এআর