নওগাঁর মান্দা উপজেলার মহানগর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, পাইপগান, গুলি ও ককটেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- আবু হুরাইরা (২৭) ও আরমান হোসেন (২৮)। তারা কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মহানগর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করলে পাইপগান, বিদেশি পিস্তল, দু’টি গুলি ম্যাগজিন ও তিনটি ককটেল পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তারা আন্তঃজেলা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

ওএফ